ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেস্টার-লি-স্ট্রিটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।
রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ডেভিড হাসির ৭০ ও অধিনায়ক মাইকেল ক্লার্কের ৪৩ রানের পরও ৯ উইকেটে ২০০ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।
মাত্র ৩৭ রান দিয়ে ৪ উইকেট দখল করা স্টিভেন ফিন ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
ছোট লক্ষ্য তাড়া করতে নামা ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যালিস্টার কুক ও ইয়ান বেল। এই জুটি ৭০ রান তুলে দলকে শক্ত ভীত এনে দেন।
কুক ২৯ রান করে আউট হয়ে গেলেও জোনাথন ট্রটকে নিয়ে দলকে জয়ের পথে ভালোভাবেই এগিয়ে নেন বেল।
৯টি চারে ৯৪ বলে ৬৯ রান করেন তিনি। স্বাগতিকদের সংগ্রহ তখন ১৩৬/২।
রবি বোপারাকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু নিরাপদেই সারেন ট্রট।
৪টি চারে ১০২ বলে অপরাজিত ৬৪ রান করেন ট্রট। ৩৩ রানে অপরাজিত ছিলেন বোপারা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০০/৯ (ওয়াটসন ২৮, ওয়ার্নার ২, ফরেস্ট ০, ক্লার্ক ৪৩, বেইলি ৯, হাসি ৭০, ওয়েড ০, লি ২৭, ম্যাকেই ৬, প্যাটিনসন ৮*, হিলফেনহস ০*; ফিন ৪/৩৭, অ্যান্ডারসন ২/৩৪, ব্রেসনান ২/৪৬)
ইংল্যান্ড: ২০১/২ ৪৭.৫ ওভার (কুক ২৯, বেল ৬৯, ট্রট ৬৪*, বোপারা ৩৩*; ম্যাকেই ২/২৯)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০০০৯ ঘ.
bdnews24