২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মমতা, আয়ারল্যান্ডে ভালো করার ব্যাপারে আশাবাদী

আসন্ন আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ মমতা মাবেন। শনিবার অনুশীলন ক্যাম্পে যান তিনি। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এটাই মহিলা দলের প্রথম সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ মমতা মাবেন। শনিবার অনুশীলন ক্যাম্পে যান তিনি। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এটাই মহিলা দলের প্রথম সফর। বৃহস্পতিবার থেকেই ৩২ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। শনিবার মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে মমতা বলেন, “ওয়ানডে মর্যাদা পাওয়ার মধ্য দিয়ে আমরা একটা পর্যায় অতিক্রম করেছি। এবার আমাদের ক্রিকেটকে নতুন স্তরে নিয়ে যেতে হবে।” “মেয়েদের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। গত বছর প্রথম যখন আসি ওই সময়ের চেয়ে এখনকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন,” যোগ করেন গত নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিকদের কোচ মমতা। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের প্রথম সফরটি ভীষণ গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন মমতা। তিনি বলেন, “প্রতিটি সফরই গুরুত্বপূর্ণ, তবে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর প্রথম সফর বলে এটি ভিন্ন মাত্রা পেয়েছে।” আয়ারল্যান্ডের উইকেট পেস সহায়ক। তবে ওই উইকেটেও বাংলাদেশের স্পিনাররা ভালো করবেন বলেই বিশ্বাস মমতার। তিনি বলেন, “ভালো স্পিনার যে কোনো জায়গাতেই ভালো করেন। সেই মানের কয়েকজন স্পিনার আমাদের রয়েছে।” “তবে এই সফরে আমাদের পেসারদের সামনে নিয়ে আসতে হবে। লতা (মণ্ডল), পান্নাসহ (ঘোষ) কয়েকজন উঁচু মানের পেসার আমাদের রয়েছে। এখানে স্পিন সহায়ক উইকেটেও তারা ভালো বল করেন। আয়ারল্যান্ডে তারা আরো ভালো করবেন বলে আশা করছি,” যোগ করেন তিনি। বাংলাদেশের ব্যাটিং নিয়েও খুব একটা চিন্তিত নন এই কোচ। তিনি বলেন, “বাছাই পর্বের শেষ দিকে শুকতারা (রকমান), সুপ্তা (শারমীন), লতাসহ কয়েকজন রান পেয়েছেন, এছাড়া সালমা (খাতুন) তো আছেই। নতুন দুয়েকজনকেও সম্ভাবনাময় মনে হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০৬ ঘ.