ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনামুল হক বিজয়কে অধিনায়ক করে যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কাজী নুরুল হাসান। মালয়শিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেওয়া আসিফ আহমেদ ও নূর হোসেন মুন্নাও দলে রয়েছেন। এছাড়া দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরী।
অগাস্টে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে ২৭ জুলাই দেশ ছাড়বে তরুণ টাইগাররা।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে ১৭, ১৮ ও ২০ জুলাই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে আনামুলের দল।
ডাক পাওয়া খেলোয়াড়দের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ সারোয়ার ইমরানের কাছে শনিবার বিকাল ৫টায় মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপার্ট করতে বলা হয়েছে।
দল: আনামুল হক (অধিনায়ক), কাজী নুরুল হাসান (সহ-অধিনায়ক), আসিফ আহমেদ, সৌম্য সরকার, সালমান হোসেন, আল-আমিন, নুর হোসেন, মোসাদ্দেক হোসেন, নাঈম ইসলাম, নাসুম আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, দেওয়ান সাব্বির আহমেদ, আবু হায়দার রনি, লিটন কুমার দাস।
স্ট্যান্ডবাই: আসিফ হাসান, আসলাম হোসাইন, তৌহিদ তারিক খান, মো. জসিম উদ্দিন, ফাইজুর রহমান, ইয়াসির আলী চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৮৩৪ ঘ.
bdnews24