ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শতকের পুরস্কার সঙ্গে-সঙ্গেই পেয়ে গেলেন কুমার সাঙ্গাকারা। ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলকে সরিয়ে আবার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।
এদিকে টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
চন্দরপলের চেয়ে মাত্র ৬ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন সাঙ্গাকারা। প্রথম ইনিংসে ১৯২ রানের সুবাদে পেয়ে যান ৪২ পয়েন্ট। এর আগে প্রথম টেস্টে ১৯৯ রানের আরেকটি অসাধারণ ইনিংসের সুবাদে ৭১ পয়েন্ট যোগ হয়েছিলো তার হিসাবে।
৯০০ রেটিং পয়েন্ট থেকে এখন মাত্র ৮ পয়েন্ট দূরে দাঁড়িয়ে সাঙ্গাকারা। তিনিসহ মাত্র ২৫ জন ব্যাটসম্যানের ৯০০-র ওপরে রেটিং পয়েন্ট অর্জনের কৃতিত্ব আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৭ঘ.
bdnews24