২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের ৪ রানের দুঃখ, আজহারের শতক

মাত্র ৪ রানের জন্য দ্বি-শতকের দেখা পাননি মোহাম্মদ হাফিজ। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রায় অর্ধেকটা বৃষ্টিতে ভেসে গেলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে পাকিস্তান। হাফিজের পর আজহার আলীও শতকের দেখা পাওয়ায় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৮ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র ৪ রানের জন্য দ্বি-শতকের দেখা পাননি মোহাম্মদ হাফিজ। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রায় অর্ধেকটা বৃষ্টিতে ভেসে গেলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে পাকিস্তান। হাফিজের পর আজহার আলীও শতকের দেখা পাওয়ায় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৮ রান। রোববার ১ উইকেটে ৩৩৪ রান নিয়ে শুরু করে পাকিস্তান। আগের দিনের ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিকে ২৮৭ পর্যন্ত টেনে নিয়ে যান হাফিজ ও আজহার। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই পাকিস্তানের রেকর্ড দ্বিতীয় উইকেট জুটি। ১৭২ রান নিয়ে শুরু করা হাফিজ টেস্ট-জীবনের প্রথম দ্বি-শতকের দিকে সাবলীল ভাবেই এগোচ্ছিলেন । কিন্তু অল্পের জন্য ভেঙ্গে গেছে তার স্বপ্ন। সকাল থেকে একটানা বল করে যাওয়া রঙ্গনা হেরাথকে এগিয়ে এসে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। ৪২৭ মিনিট দীর্ঘ, ৩৩১ বলে খেলা হাফিজের ক্যারিয়ার-সেরা ১৯৬ রানের ইনিংসে ২০টি চার, একটি ছক্কা। আগের দিন শেষে ৯২ রানে অপরাজিত আজহার শেষ পর্যন্ত আউট হন ১৫৭ রান করে। এটি তার ক্যারিয়ারের তৃতীয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় শতক। তৃতীয় উইকেটে ইউনুস খানের সঙ্গে ৭০ ও চতুর্থ উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন আজহার। ৩২ রান করা ইউনুস আবারও বিদায় নিয়েছেন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। হেরাথের অফস্টাম্পের অনেক বাইরে পিচ পড়া বল তার পায়ে লাগার সঙ্গে-সঙ্গে আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। এ নিয়ে টানা তিন ইনিংসে বিতর্কিত সিদ্ধান্তের বলি হলেন পাকিস্তানের বর্তমান দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। দিন শেষে মিসবাহ ২৯ ও আসাদ শফিক ১ রানে অপরাজিত। ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান প্রথম ইনিংস: ৪৮৮/৪ (হাফিজ ১৯৬, তৌফিক ৬৫, আজহার ১৫৭, ইউনুস ৩২, মিসবাহ ২৯*, আসাদ ১*; হেরাথ ২/১৪৩, ম্যাথিউস ১/৫৫, রানদিভ ১/১০৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪১ঘ.