ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার ওভালে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দল দুটি।
লর্ডসে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭২ রান করে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেটে ২৫৭ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানে শেন ওয়াটসনকে (১২) হারালেও দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার (৫৬) ও জর্জ বেইলির (২৯) ৭৬ রানের জুটির সুবাদে শুরুটা ভালই হয় অস্ট্রেলিয়ার।
দলীয় ৯৬ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বেইলির বিদায়ের পর অতিথিদের খেলায় ছন্দপতন ঘটে। ৬ রান পরেই বেইলিকে অনুসরণ করেন ওয়ার্নার। এরপর ডেভিড হাসি (১৩) ও স্টিভেন স্মিথের (৮) দ্রুত বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১৪৭/৫।
ষষ্ঠ উইকেটে ম্যাথু ওয়েডের (২৭) সঙ্গে অধিনায়ক মাইকেল ক্লার্কের (৬১) ৫৭ রানের জুটি স্বপ্ন দেখায় অতিথিদের। দলীয় ২০৪ রানে বদলী খেলোয়াড় জেসন রয়ের দারুণ থ্রোয়ে ওয়েড রান আউট হয়ে গেলে খেলায় ফিরে স্বাগতিকরা।
১০ রান পরেই অতিথিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন টিম ব্রেসনান। তার নিচু ফুলটসে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ক্লার্কের বিদায়ে সেখানেই শেষ হয়ে যায় অতিথিদের সম্ভাবনা। এরপর ব্রেট লির অপরাজিত ২৯ রানের সুবাদে আড়াইশ পেরোয় অতিথিদের সংগ্রহ।
ইংল্যান্ডের পক্ষে চারজন বোলার দুটি করে উইকেট নেন।
এর আগে বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হওয়া বা তিনবার খেলা বন্ধ হয়ে যাওয়ার মতো প্রতিবন্ধকতাকে জয় করে লড়াই করার মতো পুঁজি গড়ে ইংল্যান্ড।
ইয়ান বেলের (৪১) সঙ্গে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে ৮৯ রানে সাজঘরে ফিরেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক (৪০)। এরপর বেশিক্ষণ টেকেন নি রবি বোপারা (১৫)। ১২১ রানেই ৩ উইকেট হারিয়ে বেশ অস্বস্তি¡তে ইংল্যান্ড।
চতুর্থ উইকেটে জোনাথন ট্রটের (৫৪) সঙ্গে ৬৮ ও পঞ্চম উইকেটে ক্রেইগ কিসওয়েটারের (২৫) সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে যান ম্যাচ সেরা ইয়ন মর্গান। শেষ পর্যন্ত ৮৯ রানে অপরাজিত থাকা মর্গানের ৬৩ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা।
অস্ট্রেলিয়ার পাঁচজন বোলার একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১০০
bdnews24