ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনিয়ম নিয়ে বিসিবির কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়ার জন্য আইসিসি বোর্ডকে পরামর্শ দিয়েছে আইসিসির প্রধান নির্বাহী কমিটি (সিইসি)।
সোমবার কুয়ালালামপুরে সিইসির সভায় আইসিসির সবগুলো সদস্য দেশের নিজস্ব দুর্নীতি দমন নীতিমালা তৈরি ও প্রয়োগের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখনো নিজস্ব নীতিমালা তৈরি না করায় দেশ দুটিকে অবিলম্বে নীতিমালা প্রণয়নে নির্দেশ দিতে আইসিসি বোর্ডকে পরামর্শও দেয়া হয়।
এর অংশ হিসেবেই বিপিএল চলার সময় অনিয়মের যে সব অভিযোগ উঠেছিলো সেগুলোর ব্যাপারে একটি সমন্বিত রিপোর্ট চাওয়া হয়।
অন্যদিকে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে নিজস্ব নীতিমালা তৈরি করার নির্দেশও দেয়া হয়।
সিইসি জানায়, ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে ও আইনের সম্ভাব্য ফাঁক-ফোকর এড়াতে পূর্ণ সদস্য দেশগুলোর জন্য একটি সমরূপ দুর্নীতি দমন নীতিমালা প্রণয়নের কথা তারা গুরুত্ব দিয়ে ভাবছে।
সভায় আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) বাধ্যতামূলক করার পক্ষে নিজেদের অঙ্গীকারের কথা আবারো জানিয়েছে সিইসি। সেই সঙ্গে নির্বাহী বোর্ডকে ডিআরএস প্রযুক্তির একটি নতুন ও সফল পরীক্ষার পরামর্শও দিয়েছে।
তবে দীর্ঘ দিন ধরে ডিআরএসের বিরোধিতা করা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সঙ্গে-সঙ্গে এর বিরুদ্ধে তাদের অনড় অবস্থানের কথা আবারো জানিয়ে প্রস্তাবটির ভবিষ্যতকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৯ঘ.
bdnews24