ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছু দিন ধরেই ইউনুস খানের ব্যাটে রানের খরা চলছে। পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম তাই জানিয়েছেন, শ্রীলঙ্কা সফর শেষে ইউনুসের সঙ্গে তার ভবিষ্যত নিয়ে আলোচনায় বসবে নির্বাচক কমিটি।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ৫, ৪ ও ১ অর্থাৎ মোট ১০ রান করার পর পঞ্চম ওয়ানডেতে বাদ পড়েন ইউনুস। গত মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপেও তিনি (৪ ম্যাচে ৬৭ রান) জ্বলে উঠতে পারেননি।
ইকবাল কাশিম তাই ইউনুসের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। তিনি বলেন, “জ্যেষ্ঠ ক্রিকেটারদের দায়িত্ব দলকে নেতৃত্ব দেয়া, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কোনো জ্যেষ্ঠ খেলোয়াড় ছন্দে না থাকলে তাই পুরো দলই চাপে পড়ে যায়।”
“আমরা শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার অপেক্ষায় আছি। এই সফর শেষ হওয়ার পর আমরা অবশ্যই ইউনুসের সঙ্গে তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবো। তিনি এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তাকে বিবেচনা না করার অনুরোধ জানিয়েছেন। তবে আমি জানি না ওয়ানডে ক্রিকেট নিয়ে তার মনে কী ভাবনা কাজ করছে,” যোগ করেন পাকিস্তানের প্রধান নির্বাচক।
ইকবাল কাশিম আরো বলেন, “আমি নিশ্চিত, ভবিষ্যত নিয়ে তার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা হবে। কারণ ভবিষ্যতে টেস্টে ক্রিকেটে তাকে পাকিস্তানের প্রয়োজন পড়বেই।”
“ক্রিকেটে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তবে মাঠে নেমে ভালো খেলতেও হবে। দুর্ভাগ্যজনকভাবে ওয়ানডেতে সেই কাজটিই ইউনুস করতে পারছেন না,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৩ঘ.
bdnews24