ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - থিসেরা পেরেরার হ্যাটট্রিকে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে ৪৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৫ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি পাকিস্তানের। রানের খাতা খুলার আগেই সাজঘরের পথ ধরেন মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় উইকেটে আসাদ শফিকের (২৫) সঙ্গে ৫৩ ও তৃতীয় উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন আজহার আলী।
এক পর্যায়ে দলটির স্কোর ছিল ১৬৬/২। ৪১ তম ওভারের দ্বিতীয় বলে ইউনুস খান (১), তৃতীয় বলে শহিদ আফ্রিদি (০) ও চতুর্থ বলে সরফরাজ আহমেদকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে ধ্বংস্তুপে পরিণত করেন পেরেরা। ঐ ওভারের শেষ বলে রান আউট হয়ে বিদায় নেন সোহেল তানভীর (০)।
এর পর আর বেশি দূর এগোয়নি অতিথিদের ইনিংস। আজহার অপরাজিত থাকেন ৮১ রানে।
৪২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা পেরেরা শ্রীলঙ্কার সেরা বোলার। এ নিয়ে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় হলেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে ৯ রানেই সাজঘরের পথ ধরেন উপুল থারাঙ্গা (৪)। দ্বিতীয় উইকেটে তিলকারতেœ দিলশানের (২৪) সঙ্গে ৫৫ ও তৃতীয় উইকেটে দীনেশ চান্দিমালের (১৮) সঙ্গে ২৬ রানের ছোট দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সাঙ্গাকারা।
চতুর্থ উইকেটে অর্ধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (৪০) সঙ্গে ১৮ ওভারের ১১০ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। কিন্তু ৫ বলের ব্যবধানে এই দুই সেট ব্যাটসম্যান বিদায় নিলে অস্বস্তি¡তে পড়ে যায় স্বাগতিকরা।
দলীয় ২০৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৯৭ রান করেন সাঙ্গাকারা। তার ১৩০ বলের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা।
পরের দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে শেষ পর্যন্ত আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে স্বাগতিকরা।
পাকিস্তানের পক্ষে হাফিজ, তানভীর ও সাঈদ আজমল দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৭ ঘ.
bdnews24