ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার আর কোনো সমস্যা নেই। এখন তার লক্ষ্য ক্যারিবীয় ক্রিকেটকে যত দূর সম্ভব এগিয়ে নেয়া।
গত বিশ্বকাপের পর বুধবার প্রথম বারের মতো ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে নামেন গেইল। মিডলসেক্সের বিপক্ষে ওয়ানডে প্রস্তুতি ম্যাচে ৩০ বলে ৪টি চার ও দুটি ছক্কাসহ ৩৪ রান করেন তিনি। ড্যারেন ব্রাভোর অপরাজিত ১১২ রানের সুবাদে ৩৩৫ রানের পাহাড়ে ওঠা ক্যারিবীয়রা জেতে ২২৮ রানে।
ম্যাচ শেষে গেইল বলেন, “সব সমস্যার সমাধান হয়ে গেছে। (আমার) প্রধান লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা এবং একে এগিয়ে নেয়া। আমাকে সব ধরনের ক্রিকেটেই পাওয়া যাবে। আশা করি সাদা-রঙিন দু ধরনের পোষাকেই বেশ কিছু রান করতে পারবো।”
সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে নিজেই বোর্ডের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার উদ্যোগ নেন গেইল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পান তিনি।
মিডলসেক্সের বিপক্ষে মাঠে নামার সময় অবশ্য কিছুটা অস্বস্তিতে ছিলেন গেইল। এ প্রসঙ্গে এই আক্রমণাত্মক ব্যাটসম্যান বলেন, “৪৫ নম্বর জার্সি পরে আবার ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করা সত্যিই দারুণ ব্যাপার। যদিও আজ (বুধবার) শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। আমিও তো মানুষ। তবে আস্তে-আস্তে সবকিছু ঠিক হয়ে আসে।”
“আমি কিছুটা দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছি। এখন আমি প্রথম ওয়ানডের দিকে অধীর আগ্রহে তাকিয়ে। ঐ ম্যাচে আমার মানসিক অবস্থা আরো ভালো থাকা উচিৎ,” যোগ করেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৬ জুন, সাউদাম্পটনের রোজ বোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৭ঘ.
bdnews24