ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার ভোরে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ কথা।
হারারেতে ১৫ জুন জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৭ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের দলের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক দিন এগিয়ে এসেছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা।
১২ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাসের এটাই প্রথম অভিযান।
অধিনায়ক মুশফিক এক টুইটার বার্তায় জানিয়েছেন, এরই মধ্যে জিম্বাবুয়েতে প্রথম অনুশীলনে নেমে গেছে বাংলাদেশ দল। ভালো আছে দলের সবাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১২৩৮ঘ.
bdnews24