ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান মার্ক ওয়াহ মনে করেন, দেশের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সাইমন ক্যাটিচকে মনে রাখা উচিৎ।
আগামী মাসে ৩৭ বছর পূর্ণ করতে যাওয়া ক্যাটিচ পরিবারকে বেশি সময় দেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছর বিতর্কিতভাবে টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে খেলছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট েেক অবসরের ঘোষণা দিলেও আগামী অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে র্পা স্করচার্সের হয়ে খেলার কথা ক্যাটিচের। এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘বিগ ব্যাশ’ ও আগামী বছর কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে খেলারও সম্ভাবনা রয়েছে তার।
ক্যাটিচের প্রশংসা করে মার্ক ওয়াহ বলেন, “উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণী ও টেস্ট ক্রিকেটে তার দারুণ রেকর্ড। আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে তাকে মনে রাখতেই হবে। তার বাদ পড়াটা অবশ্যই দুর্ভাগ্যজনক। তার বাদ পড়ার কোনো কারণও নেই। বর্তমান দলে থাকা অনেকের চেয়ে তার রেকর্ড ভালো।”
“আমার মনে হয় বয়স আর অপ্রথাগত ব্যাটিংয়ের কারণেই সে বাদ পড়েছে। পরিসংখ্যানকে হিসেবের মধ্যে রাখা হলে তার বাদ পড়ার কথা নয়। ওপরের সারিতে সে ছিলো আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। গত কয়েকটি মৌসুম সে অসাধারণ খেলেছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫১ঘ.
bdnews24