ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-পাকিস্তান ক্রিকেট-সম্পর্ক পুনঃস্থাপনই দায়িত্ব পালনকালে সবচেয়ে কঠিন কাজ বলে মনে হচ্ছে জাকা আশরাফের। তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বি-পাক্ষিক সিরিজ নিয়ে দারুণ আশাবাদী পিসিবি সভাপতি।
পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে আশরাফ বলেন, “একটু-একটু করে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক উষ্ণ হচ্ছে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগ প্রশংসনীয়।”
“পাকিস্তানের শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো ছিলো সম্পর্ক ভালো করার পথে প্রথম পদক্ষেপ। ভারতে আমি বেশ কয়েক জন রাজনীতিবিদ, বিসিসিআই কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকে দ্বি-পাক্ষিক সিরিজ শুরু করার পক্ষে,” যোগ করেন তিনি।
এরপর উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের সুখবরটা দিলেন পিসিবি সভাপতি।
তিনি বলেন, “ক্রিকেট-ভক্তরা শিগগিরই একটা সুখবর পেতে পারেন। বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাসন জানিয়েছেন, কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সাধারণ সভায় দ্বি-পাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা করা হবে। আমার তো মনে হয় বিসিসিআই এ বছরই সিরিজটা শুরু করতে চায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০১ঘ.
bdnews24