ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দলের ইউরোপ সফর-সূচী চূড়ান্ত হয়েছে। সোমবার এক ইমেইল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বলাই বাহুল্য, সবগুলোই টি-টোয়েন্টি।
১৩ জুলাই বাংলাদেশ দলের বেলফাস্টে পৌঁছানোর কথা। ১৬ জুলাই আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৮, ২০ ও ২১ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টিরই ভেন্যু বেলফাস্টের স্টোরমন্ট।
আয়ারল্যান্ড সফর শেষে ২২ জুলাই নেদারল্যান্ডসের দ্য হেগ-এ যাবে বাংলাদেশ। সেখানে ২৪ জুলাই স্কটল্যান্ড ও পরের দিন স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৮ঘ.
bdnews24