ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক।
তবে বাদ পড়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। দলে নতুন মুখ দুজন - জিয়াউর রহমান ও আবুল হাসান রাজু। দুজনই পেসার।
বাংলাদেশ দলের অধিনায়ক যথারীতি মুশফিকুর রহিম।
গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজে খেললেও এশিয়া কাপে সুযোগ পাননি আশরাফুল।
অন্যদিকে এশিয়া কাপের দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি ইমরুলের।
১৭ জুন বাংলাদেশের হারারে পৌঁছানোর কথা। ১৮ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, জিয়াউর রহমান ও আবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫০ঘ.
bdnews24