ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে মহিলা গুলশান ইয়ুথ ও রাইজিং গার্লস। গুলশান ইয়ুথ ১২৭ রানে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ও রাইজিং গার্লস ৬ উইকেটে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে।
গুলশান ইয়ুথ-ইন্দিরা রোড
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে অলআউট হওয়ার আগে ১৯৫ রান করে গুলশান ইয়ুথ। সর্বোচ্চ ৪৭ রান আসে অধিনায়ক লতার ব্যাট থেকে। রেশমা আক্তার ৩৭, শারমীন ২৮ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ২৬ রান।
ইন্দিরা রোডের পক্ষে নুরুন্নাহার ও জান্নাতুল ফেরদৌসী তিনটি করে উইকেট নেন।
জবাবে ৩১ ওভার ১ বলে ৬৮ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। সর্বোচ্চ ২১ রান আসে অতিরিক্ত খাত থেকে। অধিনায়ক দীপা রানি ১৮ ও সাদিয়া সাঈদ ১১ রান করেন।
১৫ রানে ৪ উইকেট ইয়ামিন রূপা গুলশান ইয়ুথের সেরা বোলার।
রাইজিং গার্লস-কলাবাগান
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৩ বলে ১০৭ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। সর্বোচ্চ ৩০ রান আসে অতিরিক্ত খাত থেকে। সুলতানা আক্তার ২১ রান।
২ রানে ৩ উইকেট নিয়ে স্বর্ণ লতা রাইজিং গার্লসের সেরা বোলার। এছাড়া লাবনী আক্তার, জোনাকী ও আরিফা আক্তার দুটি করে উইকেট নেন।
জবাবে ২৭ ওভার ৫ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রাইজিং গার্লস। ৩৩ রানে অপরাজিত থাকেন আরিফা আক্তার। অতিরিক্ত খাত থেকে আসে ২৪ রান। এছাড়া নুপূর ২৫ ও সুস্মিতা ১৯ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৬ ঘ.
bdnews24