ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুরালি বিজয়ের শতকের সুবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সহজেই দিল্লি ডেয়ারডেভিলসকে ৮৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
২৭ মে আইপিএলের পঞ্চম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে চেন্নাই। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার আগে এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই। অন্য দিকে এর আগে কলকাতার কাছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও হার মানতে হয় লিগ পর্বের সেরা দল দিল্লিকে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২২ রান করে চেন্নাই। জবাবে ১৬ ওভার ৫ বলে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় দিল্লি।
লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানেই ডেভিড ওয়ার্নার (৩) ও বীরেন্দর শেবাগ (১) বিদায় নিলে চাপে পড়ে দিল্লি। তৃতীয় উইকেটে রস টেলরের (২৪) সঙ্গে ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন মাহেলা জয়াবর্ধনে।
টেলরের বিদায়ের পর আন্দ্রে রাসেলের (১৭) সঙ্গে ৩২ রানের ছোট একটি জুটি গড়েন জয়াবর্ধনে। দলীয় ১০৬ রানে রাসেলের বিদায়ের পর ম্যাচ েেক দূরে সরে যায় দিল্লি। ২১ রান পর জয়াবর্ধনে (৫৫) রবীচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরের প ধরার পর বেশি দূর এগোয়নি দিল্লির ইনিংস।
২৪ রানে ৩ উইকেট নিয়ে অশ্বিন চেন্নাইয়ের সেরা বোলার।
মাইক হাসির (২০) সঙ্গে বিজয়ের ৬৮ রানের উদ্বোধনী জুটি বর্তমান চ্যাম্পিয়নদের ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার (২৭) সঙ্গে ৬৯ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন বিজয়। এ সময় থেকে টানা দুবারের চ্যাম্পিয়নদের রানের গতি বাড়তে থাকে।
তৃতীয় উইকেটে অধিনায়ক মহেন্দ সিং ধোনির (২৩) সঙ্গে বিজয়ের ৩৬ রানের ছোট কিন্তু কার্যকর জুটি চেন্নাইকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। এরপর আলবি মরকেল (০) দ্রুত বিদায় নিলেও পঞ্চম উইকেটে ডোয়াইন ব্রাভোর সঙ্গে মাত্র ২ ওভার ৫ বলে বিজয়ের ৩৯ রানের জুটি চেন্নাইকে বড় সংগ্রহ এনে দেয়।
শেষ বলে রান আউট হওয়ার আগে বিজয় করেন ১১৩ রান। তার ৫৮ বলের ইনিংসে ১৫টি চার ও ৪টি ছক্কা। ব্রাভো অপরাজিত থাকেন ৩৩ রানে। তার ১২ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো।
দিল্লির পক্ষে উমেশ যাদব ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ উইকেট। বরুণ অরুণ ২ উইকেট নিলেও ৪ ওভারে তিনি দেন ৬৩ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৮ ঘ.
bdnews24