ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১০ সালের অগাস্টে। সর্বশেষ ওয়ানডে খেলার অভিজ্ঞতা ঐ বছরের নভেম্বরে। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। তবু আশা ছাড়েননি মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী।
শুক্রবার ‘দ্য ডেইলি টাইমস’ পত্রিকাকে ইউসুফ বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পাওয়ার আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। আমি এক শ’ টেস্টের মাইকফলক স্পর্শ করতে চাই। এক শ’র বেশি টেস্ট খেলা ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয়। আমি মোটে ৯০ টেস্ট খেলেছি। আমি হতাশ নই এবং ফেরার আশাও ছাড়ছি না।”
আগামী ২৭ অগাস্ট ৩৮ বছর পূর্ণ করতে যাওয়া ইউসুফের টেস্ট ক্রিকেটে ৫২.৩৯ গড়ে ৭৫৩০ রান।
পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোরের অধীনে এরই মধ্যে ফিটনেস টেস্টেও অংশ নিয়েছেন ইউসুফ।
তিনি বলেন, “আমি কঠোর পরিশ্রম করছি। টেস্ট খেলার মতো ফিটনেসও আমার আছে। ক্রিকেটের প্রতি এখনো আমার মনে তীব্র অনুরাগ আছে আর তা খুবই গুরুত্বপূর্ণ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১২ঘ.
bdnews24