ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৮ রানে সহজেই হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বে দুইবার হারানো দলের কাছে হেরে বিদায় নিল মুম্বাই।
চেন্নাই ২৫ মে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে। প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৮৭ রান করে চেন্নাই। জবাবে ৯ উইকেটে ১৪৯ রানেই থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শচীন টেন্ডুলকারের (১১) সঙ্গে ডোয়াইন স্মিথের (৩৮) ৪৭ রানের উদ্বোধনী জুটি মুম্বাইকে ভালো সূচনা এনে দেয়।
দুর্ভাগ্যজনক রান আউট হয়ে টেন্ডুলকারের বিদায়ের পর স্মিথ, দীনেশ কার্তিক (৬), রোহিত শর্মা (১৪), অম্বতি রাাইডু (১১) ও জেমস ফ্রাঙ্কলিনের (১৩) দ্রুত বিদায়ে ম্যাচ থেকে দূরে সরে যায় মুম্বাই।
দলীয় ১০২ রানে প্রথম ৬ ব্যাটসম্যান বিদায় নেয়ার পর আর বেশি দূর এগোয়নি মুম্বাইয়ের ইনিংস।
চেন্নাইয়ের পক্ষে আলবি মরকেল ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টানা দুই বারের চ্যাম্পিয়নদের। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে মুরালি বিজয় (১) ও সুরেশ রায়নাকে (০) ফিরিয়ে দেন ধাওয়াল কুলকার্নি।
তৃতীয় উইকেটে সুব্রামানিয়াম বদ্রিনাথের (৪৭) সঙ্গে মাইক হাসির (৪৯) ৯৪ রানের জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে চেন্নাইকে। ১ রানেই ২ উইকেট হারানোয় শুরুতে বেশ সতর্ক ছিলেন হাসি-বদ্রিনাথ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন তারা।
দলীয় ৯৫ রানে বদ্রিনাথের বিদায়ের পর হাসি ও রবীন্দ্র জাদেজা দ্রুত ফিরে গেলে হঠাৎ অস্বস্তি¡তে পড়ে চেন্নাই।
ষষ্ঠ উইকেটে ২৯ বলে ব্রাভোর (৩৩*) সঙ্গে ধোনির ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি চেন্নাইকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ধোনি অপরাজিত থাকেন ৫১ রানে। তার ২০ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।
প্রথম ৯ ওভারে ৪৭ রান করা চেন্নাই শেষ ১১ ওভারে সংগ্রহ করে ১৪০ রান।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে কুলকার্নি মুম্বাইয়ের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৫ ঘ.
bdnews24