২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজেই গেইলকে চান স্যামি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে যথারীতি উপেক্ষিত ক্রিস গেইল। তবে লর্ডসে প্রথম টেস্টে ৫ উইকেটে হেরে যাওয়ার পর সিরিজের বাকি দুই ম্যাচে গেইলকে দলে পেতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে যথারীতি উপেক্ষিত ক্রিস গেইল। তবে লর্ডসে প্রথম টেস্টে ৫ উইকেটে হেরে যাওয়ার পর সিরিজের বাকি দুই ম্যাচে গেইলকে দলে পেতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে গেইল। এ মাসের শুরুতে এই বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান অবশ্য জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সফরেই জাতীয় দলে ফেরার জন্য এ মৌসুমে কাউন্টি ক্রিকেট ক্লাব সমারসেটের হয়ে খেলবেন না তিনি। তবে শুক্রবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে গেইলের খেলার সম্ভাবনা শূন্যই বলা যায়। তবু গেইলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্যামি। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’কে তিনি বলেন, “বাইরে যা-ই ঘটুক না কেন, দল তার নিজের পথেই এগোবে। যে-ই যোগ দিক, দলের প্রত্যেক সদস্য তাকে সাদরে বরণ করে নেবেন। আশা করি সেই খেলোয়াড়ও দলকে সাহায্য করবেন। যদিও দল কী হবে তা নির্ভর করে নির্বাচকদের ওপরে। ” এদিকে লর্ডস টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকে। নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে থাকায় স্যামিকে ম্যাচ ফির ৮০ শতাংশ ও অন্য খেলোয়াড়দের প্রত্যেককে ৪০ শতাংশ জরিমানা দিতে হবে। আগামী এক বছরের মধ্যে একই ‘অপরাধ’ করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধও হবেন স্যামি। তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য আরো বড় দুঃসংবাদ, লর্ডসে অভিষেক টেস্টে ৪ উইকেট নেয়া পেসার শ্যানন গ্যাব্রিয়েল পিঠের চোটের কারণে সিরিজের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন টিনো বেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৯ঘ.