২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৫ দলের সিরিজ হার

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে ৪৩ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে ৪৩ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দল। তিন ম্যাচের সিরিজে অতিথিরা এখন ২-০ ব্যবধানে এগিয়ে। মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৩ রান করে সিএবি। জবাবে ৪৫ ওভার ৪ বলে ২০০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের কিশোররা। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ওমর ফারুক (৫২) অর্ধশতক করলেও ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ফারুকের ৬৫ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা। ষষ্ঠ উইকেটে জালালউদ্দিনের (৩৭) সঙ্গে অধিনায়ক রিয়াজুল ইসলামের (৩৮) ৭৬ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো বাংলাদেশকে। কিন্তু দলীয় ১৭৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জালালের বিদায়ের পর স্বাগতিকরা বেশি দূর যেতে পারেনি। সিএবির পক্ষে শুভ্রজিত দাস, রক্তিম বোস ও প্রদীপ্ত প্রামাণিক দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে কাজী জুনায়েদ ৪৭ ও অধিনায়ক অভিজিত ৪৪ রান করলেও ৩৮ ওভারে ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। সপ্তম উইকেটে মাত্র ১০ ওভারে আরিফ আনসারির (৩০) সঙ্গে ঋত্বিক দের ৭৪ রানের আক্রমণাত্মক জুটি অতিথিদের লড়াইয়ের পুঁজি এনে দেয়। শেষ ওভারে বিদায় নেয়ার আগে ৫৩ রান করেন ঋত্বিক। তার ৩৬ বলের ঝড়ো ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো। বাংলাদেশের পক্ষে ৫৩ রানে ৩ উইকেট নেন সানজিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৩ঘ.