ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেকান চার্জার্সের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ডেকানের নয় রানের জয়টি উপহার হয়ে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের জন্য। সমান পয়েন্ট নিয়ে শ্রেয়তর রান রেটে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।
হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩২ রান করে ডেকান। জবাবে ৯ উইকেটে ১২৩ রানেই থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইলের (২৭) ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালোই হয় ব্যাঙ্গালোরের। ৩০ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ২৭ রানের মধ্যে তিলকারতেœ দিলশান (৪), এবি ডি ভিলিয়ার্স (৪) ও মায়াঙ্ক আগারওয়াল (১) সাজঘরের পথ ধরলে অস্বস্তি¡তে পড়ে অতিথিরা।
পঞ্চম উইকেটে বিরাট কোহলির (৪২) সঙ্গে সৌরভ তিওয়ারীর (৩০) ৪৬ রানের কার্যকর জুটি খেলায় ফেরায় ব্যাঙ্গালোরকে। কিন্তু কোহলির বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সপ্তম হার এড়াতে পারেনি দলটি।
৪ ওভারে মাত্র ৮ রান নিয়ে ৩ উইকেট নিয়ে ডেকানের সেরা বোলার ডেল স্টেইন। আশীষ রেড্ডিও নেন ৩ উইকেট। তবে এ জন্য তাকে খরচ করতে হয়েছে ২৫ রান।
এর আগে ব্যাট করতে নেমে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে ডেকান। চতুর্থ উইকেটে অধিনায়ক কুমার সাঙ্গাকারার (১৫) সঙ্গে ৩১ ও পঞ্চম উইকেটে পার্থিব প্যাটেলের (১৬) সঙ্গে ৭১ রানের দুটি কার্যকর জুটি গড়ে ধাক্কা সামলে ডেকানকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন জেপি ডুমিনি (৭৪)। ডুমিনির ৫৩ বলের ইনিংসটি ৪টি চার ও ৫টি ছক্কায় সাজানো।
২২ রানে ৩ উইকেট নিয়ে আর বিনয় কুমার ব্যাঙ্গালোরের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪৪ ঘ.
bdnews24