ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডস টেস্ট জমিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। সিরিজের প্রথম টেস্ট জিততে পঞ্চম দিন ১৮১ রান করতে হবে ইংল্যান্ডকে, হাতে রয়েছে ৮ উইকেট।
চতুর্থ দিন শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ ওভার ব্যাট করেই ১০ রানে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস (১) ও জেমস অ্যান্ডারসনের (৬) উইকেট দুটি হারায় ইংল্যান্ড।
৭ রানে উইকেট দুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফিরিয়েছেন রোচ।
এর আগে ৪ উইকেটে ১২০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিটাকে এ দিন ১৫৭ পর্যন্ত টেনে নিয়ে যান মারলন স্যামুয়েলস ও শিবনারায়ণ চন্দরপল।
স্যামুয়েলসকে (৮৬) গ্রায়াম সোয়ানের ক্যাচ বানিয়ে স্বাগতিক দলের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন স্টুয়ার্ট ব্রড। স্যামুয়েলসের ১৭২ বলের ইনিংসে ১২টি চার।
ষষ্ঠ উইকেটে দীনেশ রামদিনের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন চন্দরপল। দলীয় ২৬১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে চন্দরপল করেন ৯১ রান। তার ২৫০ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো।
এর পর রামদিনের (৪৩) সঙ্গে অধিনায়ক ড্যারেন স্যামির (৩৭) ৪৬ রানের জুটির সুবাদে তিনশ পেরোয় অতিথিরা। দলীয় ৩০৭ রানে স্যামির বিদায়ের পর বেশিদূর এগোয়নি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ৩৪৫ রান করে দলটি। এতে দ্বিতীয় ইনিংসে ১৯০ রানের লিড পায় অতিথিরা।
দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ৪ উইকেট নিয়ে ব্রড ইংল্যান্ডের সেরা বোলার। এর আগে প্রথম ইনিংসে ৭২ রানে ৭ উইকেট নেন তিনি। টেস্টে এই প্রথম প্রথম দশ (১১/১৬৫) উইকেট পেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৩ ও ৩৪৫ (বারাথ ২৪, পাওয়েল ৮, কার্ক ০, ব্রাভো ২১, চন্দরপল ৯১, স্যামুয়েলস ৮৬, রামদিন ৪৩, স্যামি ৩৭, রোচ ৪, ফিদেল ১০*, গ্যাব্রিয়েল ১৩; ব্রড ৪/৯৩, সোয়ান ৩/৫৯, অ্যান্ডারসন ১/৬৭, ব্রেসন্যান ১/১০৫)
ইংল্যান্ড: ৩৯৮ ও ১০/২ (স্ট্রাউস ১, কুক ০*, অ্যান্ডারসন ৬, ট্রট ০*; রোচ ২/৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৩ ঘ.
bdnews24