২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের বিপক্ষে দিল্লি সহজ জয়

দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৬ উইকেটের হারে প্লে-অফে খেলার স্বপ্ন ভেঙ্গে গেছে কিংস ইলিভেন পাঞ্জাবের। এ জয়ের ফলে ১৬ খেলায় ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি। আর সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৬ উইকেটের হারে প্লে-অফে খেলার স্বপ্ন ভেঙ্গে গেছে কিংস ইলিভেন পাঞ্জাবের। এ জয়ের ফলে ১৬ খেলায় ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি। আর সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দিল্লি, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪১ রান করে পাঞ্জাব। জবাবে ১৮ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। লক্ষ্য তাড়া করতে নেমে উন্মুক্ত চাঁদের (১৮) সঙ্গে ডেভিড ওয়ার্নারের ৮২ রানের উদ্বোধনী জুটি দিল্লিকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। দ্বিতীয় উইকেটে ভেনু গোপাল রাওয়ের সঙ্গে ২৭ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন ওয়ার্নার (৭৯)। ওয়ার্নারের ৪৪ বলের ইনিংসটি ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো। এরপর ইরফার পাঠান (৫) ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (৮) দ্রুত বিদায়ের পরও রাওয়ের অপরাজিত ২১ রানের সুবাদে ১০ বল হাতে রেখেই জয় পায় দিল্লি। পাঞ্জাবের পক্ষে রায়ান হ্যারিস ও আজহার মেহমুদ দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে উমেশ যাদব ও মরনে মরকেলের মারাত্মক বোলিংয়ে ২০ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঞ্জাব। পঞ্চম উইকেটে সিদ্ধার্থ চিতনিসের (৩৮) ৫৭ ও গুরকীরাত সিংয়ের (২৬) সঙ্গে ৪৫ রানের দুটি কার্যকর জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন মেহমুদ। শেষ পর্যন্ত হ্যারিসের অপরাজিত ১৫ রানের সুবাদে দেড়শর কাছাকাছি স্কোর গড়ে পাঞ্জাব। ২০ রানে ৪ উইকেট নিয়ে মরকেল দিল্লির সেরা বোলার। এছাড়া যাদব ৩ উইকেট নেন ১৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১২ ঘ.