ঢাকা, মে ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিবনারায়ণ চন্দরপলের লড়াইয়ের পরও স্টুয়ার্ট ব্রডের মারাত্মক বোলিংয়ে লর্ডস টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
তিন ম্যাচের উইজডেন ট্রফির প্রথম টেস্টে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৩২ রানেই দুই উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে অতিথিরা।
তৃতীয় উইকেটে অ্যাড্রিয়ান বারাথ (৪২) ও ড্যারেন পাওয়েলের (২৯) ৫৪ রানের পরও ১০০ রানেই অতিথিদের প্রথম চার ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন। পঞ্চম উইকেটে চন্দরপল ও মারলন স্যামুয়েলসের (৩১) ৮১ রানের কার্যকর জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজকে।
এক পর্যায়ে অতিথিদের সংগ্রহ দাঁড়ায় ১৮১/৪। স্যামুয়েলকে বিদায় করে দিয়ে স্বাগতিকদের জন্য বিপদজনক হয়ে উঠা পঞ্চম উইকেট জুটি ভাঙ্গেন ব্রড।
স্যামুয়েলসের বিদায়ের পর থেকে প্রায় একাই খেলতে হয়েছে চন্দরপলকে। অন্য প্রান্ত থেকে সেভাবে সহায়তা না পাওয়া চন্দরপল অপরাজিত থাকেন ৮৭ রানে। তার ১৭৫ বলের ইনিংসে ১২টি চার।
৭২ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ব্রড। টেস্টে এ নিয়ে ইনিংসে ৫বার ৫ উইকেট নেয়া ব্রড শেষ সেশনে ১৩ রানে ৩ উইকেট নিয়ে অতিথিদের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙ্গে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৪ ঘ.
bdnews24