ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় মাস কেটে গেলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অচলাবস্থা কাটেনি। সমস্যা সমাধানের লক্ষ্যে মঙ্গলবার সুপার লিগের ৬টি দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
সোমবার বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসিবি সভাপতি কাল (মঙ্গলবার) ৬টি ক্লাবকে বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছেন। সমস্যার সমাধান করেই আমরা সুপার লিগ শেষ করতে চাই।”
পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের ছাড়পত্রজনিত জটিলতায় গত ২৮ মার্চ প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যায়। সেদিন আবাহনীর বিপক্ষে ভিক্টোরিয়ার হয়ে খেলতে নামা ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধন অবৈধ বলে দাবি করে মোহামেডান ও আবাহনী। দু দলই এ সংক্রান্ত প্রমাণসহ কয়েকটি চিঠিও দেয় সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে।
এ প্রেক্ষিতে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে বিসিবি। তবে তাতে কোনো সমাধান আসেনি। বরং ভিক্টোরিয়া ছাড়া সুপার লিগের অন্য পাঁচটি দল একজোট হয়ে সিসিডিএম ভেঙ্গে নতুন কমিটি গড়াসহ আরো তিনটি দাবি জানায়।
নানা টানাপোড়েনের পর বিসিবি বিষয়টি তদন্তের ভার দেয় গোয়েন্দা সংস্থাকে।
বিসিবি থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে বারবার বৈঠক করে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হবে না বলে মনে করেন মোহামেডানের সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া। তিনি বলেন, “বিসিবি সভাপতি অনেকবার মিটিং ডেকেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এখন পর্যন্ত বিসিবি কোনো সিদ্ধান্ত দিতে পারেনি।”
“বিসিবির সুস্পষ্ট সিদ্ধান্ত জেনেই আমরা বৈঠকে বসবো। সিদ্ধান্ত না নিয়ে শুধু শুধু বৈঠক করে কী লাভ,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০২ঘ.
bdnews24