ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে সহজেই জিতেছে আজাদ স্পোর্টিং ক্লাব ও গুলশান ইয়ুথ ক্লাব। সোমবার আজাদ ১০ উইকেটে কলাবাগান ক্রীড়াচক্রকে এবং গুলশান ইয়ুথ ৬৮ রানে বিকেএসপিকে হারিয়েছে।
আজাদ-কলাবাগান
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২৯ ওভার ৩ বলে মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ ১১ রান আসে অতিরিক্ত থেকে।
৯ রানে ৪ উইকেট নিয়ে কলাবাগানের সবচেয়ে বড় হন্তারক খাদিজাতুল কোবরা।
জবাবে ৬ ওভার ১ বলে বিনা উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় আজাদ। অধিনায়ক সাথিরা জাকির ২৮ ও ফাতেমা ৮ রানে অপরাজিত থাকেন।
বিকেএসপি-গুলশান ইয়ুথ
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭২ রান করে গুলশান ইয়ুথ। সানজিদার (৪৩) সঙ্গে ৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন অধিনায়ক লতা (৪৪)।
তবে চমৎকার সূচনা পেলেও গুলশান ইয়ুথের বলার মতো রান আর দুজনের - রেশমা আক্তার (১৪) ও শারমীন (অপরাজিত ১৪)।
দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন, ডলি রানী ও ফারজানা।
জবাবে ৮ উইকেটে ১০৪ রানেই থেমে যায় বিকেএসপির ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান আসে নুজহাতের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আজরা রাইহানার।
ব্যাটিংয়ের পর বল হাতেও সফল লতা নেন দুই উইকেট। তিথি রানীরও শিকার দুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৩ ঘ.
bdnews24