ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর অস্ট্রেলিয়া দলে মিচেল জনসন। জুন-জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের ওয়ানডে দলে রাখা হয়েছে এই বাঁহাতি পেসারকে। জনসনের সঙ্গে দলে ফিরেছেন আরেক পেসার প্যাট কামিন্স এবং ব্যাটসম্যান স্টিভেন স্মিথও।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে অভিষেক টেস্টের পর পায়ের চোটের কারণে আর খেলতে পারেননি কামিন্স। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি দলেই ছিলেন না।
জোহানেসবার্গ টেস্টে পায়ে চোট পান জনসনও। এরপর অস্ত্রোপচারও করাতে হয় তাকে। ঐ সফরেই সর্বশেষ ওয়ানডে খেলেন স্মিথ।
অস্ট্রেলিয়া দলে সুযোগ পাননি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান, পিটার ফরেস্ট, নাথান লিয়ন ও পিটার নেভিল।
এই সফরে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ও ইংল্যান্ডের সঙ্গে পাঁচটি ওয়ানডে ছাড়াও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, জর্জ বেইলি, প্যাট কামিন্স, জাভিয়ের ডোহার্টি, বেন হিলফেনহস, মাইকেল হাসি, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, ক্লিন্ট ম্যাকে, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৪ ঘ.
bdnews24