২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক

পাকিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তবে টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব থাকছে মিসবাহ-উল-হকের হাতেই। বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তবে টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব থাকছে মিসবাহ-উল-হকের হাতেই। বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি জাকা আশরাফ বলেন, “আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে। হাফিজকে টেস্ট ও ওয়ানডে দলের সহ-অধিনায়কও করা হয়েছে।” ২৯ মে থেকে শুরু হতে যাওয়া এই সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কা সফরের জন্য প্রতি দলে ১৬ জন করে আলাদা-আলাদা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে আলোচনা করেই তিন ধরণের ক্রিকেটের জন্য আলাদা দল নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ইকবাল কাশিম। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি ৩৮ বছর বয়সী মিসবাহ টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে শহীদ আফ্রিদিকে সরিয়ে দেয়ার পর মিসবাহই পাকিস্তানের তিনটি দলের অধিনায়ক নির্বাচিত হন। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব এবং দল থেকে বাদ পড়লেও হতাশ হননি মিসবাহ। তিনি বলেন, “বোর্ড এবং নির্বাচকরা যা সঠিক মনে করেছেন সেটাই করেছেন। আমি হতাশ নই। এখন আমার কাজ হচ্ছে ভালো ভাবে টেস্ট ও ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়া। এটা অনেক বড় দায়িত্ব।” শ্রীলঙ্কা সফরে তিন দলেই ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ সামি। ২০১০ সালের নভেম্বরের পর জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। এছাড়া দুই বছর পর ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফয়সাল ইকবাল। তিনি অবশ্য শুধু টেস্ট দলে আছেন। ওয়ানডে দলে ফিরেছেন শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ইয়াসির আরাফাত ও খালিদ লতিফ। আর বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ। তিন দল মিলিয়ে নতুন মুখ ৬টি - ওয়ানডেতে রাহাত আলী, টেস্টে মোহাম্মদ আইয়ুব ও আফাক রহিম এবং টি-টোয়েন্টিতে শাকিল আনসার, হারিস সোহেল ও রাজা হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৫ ঘ.