২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজকে টি-টোয়েন্টি অধিনায়ক করার দাবি

টি-টোয়েন্টি দলের জন্য আলাদা অধিনায়ক করা পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এ ক্ষেত্রে মোহাম্মদ হাফিজকেই সবচেয়ে যোগ্য বলে মনে করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি দলের জন্য আলাদা অধিনায়ক করা পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এ ক্ষেত্রে মোহাম্মদ হাফিজকেই সবচেয়ে যোগ্য বলে মনে করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ। পাকিস্তানের দৈনিক ‘দ্য নেশন’কে সরফরাজ বলেন, “টি-টোয়েন্টির জন্য একজন অধিনায়ককে প্রস্তুত করার এটাই সবচেয়ে সঠিক সময়। আমার ব্যক্তিগত মত হচ্ছে হাফিজই এক্ষেত্রে যোগ্য ব্যক্তি। মিসবাহ-উল-হকের দায়িত্ব কিছুটা কমিয়ে তাকে ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক রাখা উচিৎ।” “এছাড়া হাফিজকে ওয়ানডে ও টেস্ট দলের সহ-অধিনায়কও করা উচিৎ। কারণ তাকে (হাফিজ) ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে গড়ে তোলার এটাই সঠিক রাস্তা,” যোগ করেন তিনি। টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তন করার পক্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক মঈন খানও। পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে তিনি বলেন, “টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বে পরিবর্তন আনা উচিৎ। কিন্তু ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বে মিসবাহকেই রাখতে হবে। কারণ তার অধীনে দল ভালো খেলছে।” টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হাফিজের পাশাপাশি শহীদ আফ্রিদির নামও শোনা যাচ্ছে। তবে সরফরাজ আফ্রিদিকে অধিনায়ক করার পক্ষপাতী নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০০ ঘ.