ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানাডার টরন্টোতে ১২ মে একটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু ক্রিকেটারদের এই ম্যাচে অংশ নেয়ার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এ নিয়েই যত গন্ডগোল।
পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, ক্রিকেটাররা জাতীয় দলের সাবেক কোচ ও ব্যবস্থাপক এবং বর্তমানে পিসিবির পরিচালকের দায়িত্ব পালন করা ইন্তেখাব আলমের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছিলেন। এবং সেই অনুমতিকে যথেষ্ট মনে করায় তারা আর লিখিতভাবে আবেদন করেননি।
এ প্রসঙ্গে পিসিবির এক কর্মকর্তা জানান, “এখনও পর্যন্ত কোনো খেলোয়াড় অনাপত্তি পত্র চেয়ে পিসিবির কাছে লিখিত আবেদন করেননি। এমনকি আয়োজক ও ম্যাচটি সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি। তাই পিসিবিও অনুমতি দেয়নি।”
“ইন্তেখাব (আলম) তাদের মৌখিকভাবে অনুমতি দিলেও লিখিত কিছু ছাড়া বোর্ড কিছু করতে পারে না। কোনো খেলোয়াড়ই কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অনাপত্তি পত্র চাননি। তাহলে তারা কিভাবে ঐ ম্যাচে অংশ নেয়ার আশা করেন?”- উল্টো প্রশ্ন ছুড়ে দেন ওই কর্মকর্তা।
এদিকে পিসিবি অনুমতি না দিলে বিপাকে পড়ে যাবেন ওই ম্যাচের আয়োজকরা। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল ও হাম্মাদ আজমের কাছ থেকে সম্মতি পেয়ে তারা এরই মধ্যে টিকেট বিক্রি করে ফেলেছেন।
এমনকি খেলোয়াড়দের জন্য কানাডার ইলেক্ট্রনিক ভিসারও ব্যবস্থা করা হয়েছে। তাই পাকিস্তানের খেলোয়াড়রা খেলার অনুমতি না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে আয়োজকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২১ ঘ.
bdnews24