ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ছাড়পত্র নিয়ে তার মন্তব্য বিভ্রান্তির জন্ম দিয়েছিলো। বিভ্রান্তি দূর করার দায়িত্ব নিলেন মোহাম্মদ ইউসুফ নিজেই। এর আগে ভিক্টোরিয়া ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার কথা বললেও এবার জানিয়েছেন, মোহামেডান থেকেই বৈধ ছাড়পত্র নিয়েছিলেন তিনি।
পাকিস্তানের ‘দ্য ডেইলি টাইমস’ পত্রিকাকে ইউসুফ বলেন, “ছাড়পত্র নিয়ে করা আমার মন্তব্য ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। মনে হয়েছে আমার পুরনো দল মোহামেডানের অনুমতি ছাড়াই ভিক্টোরিয়া ক্লাব আমাকে ছাড়পত্র দিয়েছে। আসলে মোহামেডানে খেলার সময় লুৎফর রহমান বাদলই আমাকে এই ছাড়পত্র দিয়েছিলেন।”
“মিস্টার বাদল সে সময় মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। আর এখন তিনি ভিক্টোরিয়ার গভর্নিং কমিটির চেয়ারম্যান। আশা করি আমার মন্তব্যের কারণে সৃষ্ট বিভ্রান্তির অবসান হবে এখন,” যোগ করেন তিনি।
যদিও ঢাকা প্রিমিয়ার লিগে ভুয়া ছাড়পত্র জমা দেয়ার অভিযোগে ইউসুফের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা।
ইউসুফের ছাড়পত্র ইস্যু নিয়ে গত ২৮ মার্চ থেকে অচলাবস্থার শুরু। সেদিন ভিক্টোরিয়ার হয়ে আবাহনীর বিপক্ষে খেলতে নামেন ইউসুফ। নানা টানাপোড়েনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি তদন্তের ভার দেয় গোয়েন্দা সংস্থাকে।
মোহামেডান ও আবাহনী দাবি করে আসছে ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধন অবৈধ। এ ব্যাপারে দুটো দলই প্রমাণসহ বেশ কয়েক বার চিঠি দিয়েছে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩১ ঘ.
bdnews24