২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের প্রতি আসিফের সমবেদনা

স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে আড়াই বছরের কারাদণ্ডাদেশ পাওয়া সালমান বাট নাকি কারাগারে একাকিত্বে ভুগছেন। বিষাদগ্রস্ত সালমান অধীর আগ্রহে মুক্তির দিনও গুনছেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের হতাশার কথা জানিয়েছেন তারই কারাসঙ্গী মোহাম্মদ আসিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে আড়াই বছরের কারাদণ্ডাদেশ পাওয়া সালমান বাট নাকি কারাগারে একাকিত্বে ভুগছেন। বিষাদগ্রস্ত সালমান অধীর আগ্রহে মুক্তির দিনও গুনছেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের হতাশার কথা জানিয়েছেন তারই কারাসঙ্গী মোহাম্মদ আসিফ। সালমানের মতো একই অপরাধে এক বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসিফ ছয় মাস কারাভোগের পর গত বৃহস্পতিবার মুক্তি পান। পাকিস্তানের একটি পত্রিকাকে আসিফ বলেন, “কারাগারে আমি ও সালমান তিন মাস একই ঘরে ছিলাম। আমার মুক্তির সময় সে (সালমান) আমাকে শুভকামনাও জানিয়েছে।” “কিন্তু সে একাকিত্বে ভুগছে। কারাগার থেকে আমার মুক্তির দিনে তাকে ভীষণ বিষাদগ্রস্ত দেখাচ্ছিলো। এখন সে অধীর আগ্রহে মুক্তির জন্য অপেক্ষা করছে,” যোগ করেন তিনি। দুজনের ইচ্ছাতেই কারাগার কর্তৃপক্ষ তিন মাস সালমান ও আসিফকে এক ঘরে রেখেছিলো। লন্ডনে মামলার বিচার চলার সালমান ও আসিফ একে অন্যকে দোষারোপ করেছিলেন। তবে কারাগারে দুজনে ভাইয়ের মতো ছিলেন জানিয়ে আসিফ বলেন, “সেখানে আমাদের মধ্যে কোনো অসদ্ভাব ছিলো না। আমরা দুই ভাইয়ের মতোই দিন কাটিয়েছি।” ২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার দায়ে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান এবং দুই পেসার আসিফ ও মোহাম্মদ আমিরকে গত নভেম্বরে লন্ডনের একটি আদালত কারাদণ্ড দেয়। ৬ মাসের কারাদণ্ড পাওয়া আমির তিন মাস কারাভোগের পর গত ফেব্র“য়ারিতে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৭ ঘ.