ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে জাতীয় দলে ফিরতে আগ্রহী ক্রিস গেইল। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন ও অধিনায়ক ড্যারেন স্যামি। দুজনেরই আশা, নির্বাচকরা এই আক্রমণাত্মক ব্যাটসম্যানকে জাতীয় দলে ফিরিয়ে আনবেন।
ইংল্যান্ডের হোভে এক সংবাদ সম্মেলনে গিবসন বলেন, “আমি এটা শুনে ভীষণ খুশি হয়েছি যে ক্রিস (গেইল) আবারো জাতীয় দলের হয়ে যে কোনো সময়ে খেলতে প্রস্তুত। আমি নিশ্চিত, নির্বাচকরা তাকে দলে নেবেন। কারণ সে বিশ্বমানের খেলোয়াড়, বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যানদের একজন।”
অনেক দিন জাতীয় দলের বাইরে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে গেইলের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কোচ।
তিনি বলেন, “কাজটা খুবই সহজ হবে (গেইলের জন্য)। বিশ্বের বিভিন্ন দলের হয়ে সে ভালো খেলেছে এবং রান পেয়েছে। তাই আমার মনে হয় না আমাদের দলে ফেরা তার জন্য অন্যরকম কিছু হবে। এটা (মানিয়ে নেয়া) তার জন্য কোনো সমস্যা হবে না বলেই আমার বিশ্বাস।”
স্যামিও গেইলের ফেরার সম্ভাবনায় উদ্বেলিত। তিনি বলেন, “আমরা সবাই জানি সে (গেইল) কী করতে পারে। আশা করি সে সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় গত বছর উপমহাদেশে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাননি গেইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪১ ঘ.
bdnews24