ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী শনিবার মুক্তি পেতে পারেন ‘স্পট ফিক্সিং’-এর সঙ্গে জড়িত থাকার দায়ে এক বছরের কারাদণ্ড পাওয়া পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ। গত নভেম্বরে তাকে যুক্তরাজ্যের একটি কারাগারে পাঠানো হয়েছিলো।
মোহাম্মদ হারুন নামে আসিফের একজন বন্ধু ও ক্রিকেট কোচ জানিয়েছেন, “৫ মে মুক্তি পেতে পারেন আসিফ। গত মাসে যখন আমি তার (আসিফ) সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন সে ব্যাপারটা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলো।”
২০১০ সালে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অপরাধে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার আসিফ ও মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় লন্ডনের একটি আদালত। নভেম্বর থেকে শুরু হয় তাদের কারাগার-জীবন।
ছয় মাসের কারাদণ্ড পেলেও তিন মাস কারা ভোগের পর ফেব্র“য়ারিতে মুক্তি পান আমির।
কারাদণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তিন জনকে কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
আসিফ অবশ্য দুই ধরণের শাস্তির বিরুদ্ধেই আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন ।
এ প্রসঙ্গে হারুন জানান, “আসিফ এরই মধ্যে এক বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে। আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধেও সে আপিল করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৯ ঘ.
bdnews24