ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে সহজেই ৬ উইকেটে হারিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করেছে দিল্লি ডেয়ারডেভিলস।
দশম ম্যাচে অষ্টম জয়ের সুবাদে দিল্লির সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া রাজস্থানের পয়েন্ট ৮।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দিল্লিকে ২৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা অধিনায়ক বীরেন্দর শেবাগের (৩৮ বলে ৭৩)। বিজয়ী দলের দ্বিতীয় সর্বোচ্চ রান কেভিন পিটারসেনের (৩৪ বলে ৩৬)।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাঁহাতি স্পিনার পবন নেগির (৪/১৮) ঘূর্ণিতে বিপর্যস্ত স্বাগতিকরা ৬ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি।
সর্বোচ্চ ৫৭ রান আসে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আজিঙ্কা রাহানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৫৫ ঘ.
bdnews24