ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের রাজ্য সভার সদস্য পদে মনোনয়ন পাওয়ায় ‘সম্মানিত’ বোধ করছেন বলে মঙ্গলবার জানিয়েছেন শচীন টেন্ডুলকার। তবে জোরের সঙ্গে তিনি এটাও বলেছেন, যতদিন খেলা চালিয়ে যাবেন ততদিন ক্রিকেটই তার প্রথম পছন্দ থাকবে।
রাজ্য সভা ভারতের সংসদের উচ্চকক্ষ। দেশটির বিশিষ্ট ব্যক্তিদের জন্য সেখানে ১২টি আসন সংরক্ষিত আছে। গত সপ্তাহে তার একটি আসনের জন্য টেন্ডুলকারকে মনোনয়ন দেয়া হয়। ৬ বছর মেয়াদী সদস্য পদে এর আগে প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, সেতার বাদক রবি শঙ্কর ও চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন মনোনয়ন পেয়েছিলেন।
পুনেতে এক সংবাদ সম্মেলনে টেন্ডুলকার বলেন, “নিজের কাজের ক্ষেত্রে অবদানের জন্য মনোনয়ন পাওয়া খুবই সম্মানের। মনোনয়ন পেয়ে আমি উচ্ছ্বসিত।”
“তবে মনে হয় না আমি ক্রিকেট খেলা বন্ধ করে সরাসরি রাজনীতিতে জড়িয়ে যাব। আমি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। ক্রিকেটই আমার জীবন এবং সবসময়ই তা থাকবে,” যোগ করেন এই ব্যাটিং বিস্ময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৮ ঘ.
bdnews24