২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীরের দৃঢ়তায় কলকাতার ষষ্ঠ জয়

এবারের আইপিএলের শুরু থেকেই গৌতম গম্ভীরের ব্যাটে রানের জোয়ার। সোমবারের একমাত্র ম্যাচেও গম্ভীরের দৃঢ়তায় গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 06:31 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের আইপিএলের শুরু থেকেই গৌতম গম্ভীরের ব্যাটে রানের জোয়ার। সোমবারের একমাত্র ম্যাচেও গম্ভীরের দৃঢ়তায় গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে ষষ্ঠ জয়ের সুবাদে কলকাতার পয়েন্ট ১৩। সমান ম্যাচে পঞ্চম বারের মতো হার মানা চেন্নাইয়ের পয়েন্ট ৯-ই রইলো। দু দলেরই একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। ব্রেট লির করা ইনিংসের দ্বিতীয় ওভারেই কট বিহাইন্ড হয়ে যান ফাফ দু প্লেসি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সরাসরি ভারতে চলে আসা মাইক হাসিও এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে চেন্নাই-ভক্তদের আশা পূরণ করতে পারেননি। রান আউট হওয়ার আগে ১৮ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান। সুরেশ রায়না (৩৪ বলে ৪৪) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩০ বলে অপরাজিত ৩৪) অবশ্য চেষ্টা করেছিলেন দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে। কিন্তু অন্যদের ব্যর্থতার কারণে ৫ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ২১ রানে ২ উইকেট নেয়া জ্যাক ক্যালিস কলকাতা নাইট রাইডার্সের সেরা বোলার। জবাবে ব্রেন্ডন ম্যাককালামের (২) ব্যর্থতায় অতিথিরাও ভালো সূচনা পায়নি। তবে গম্ভীরের (৫২ বলে ৬৩) আরেকটি অধিনায়কোচিত ইনিংসের সঙ্গে ক্যালিস (২৬), মনোজ তিওয়ারি (১৩), ইউসুফ পাঠান (১২) ও দেবব্রত দাসের (অপরাজিত ১১) মিলিত প্রচেষ্টা ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় কলকাতাকে। চেন্নাইয়ের হয়ে দুটো করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও ডোয়াইন ব্রাভো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২৭ ঘ.