ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইদানিং মোহাম্মদ ইউসুফকে নিয়ে গুঞ্জন, তিনি নাকি ‘সংক্ষিপ্ত পথে’ দলে ঢোকার চেষ্টা করছেন। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান জানিয়েছেন, কঠোর পরিশ্রম করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা করছেন তিনি।
২০১০ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন ইউসুফ।
এপ্রিলের শুরুতে পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেন তিনি। প্রধান কোচ ডেড হোয়াটমোরের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষা দিতে হয় তাকে। তখন থেকেই গুঞ্জন, মে’র শেষ দিকে শ্রীলঙ্কা সফরেই দলে ফিরতে পারেন ৩৭ বছর বয়সী ইউসুফ।
পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে তিনি বলেন, “ক্রিকেট খেলবো বলেই আমি মাঠে ফিরেছি। আমার বিশ্বাস, আমি আবার স্বদেশের হয়ে খেলতে পারবো এবং আরো কয়েক বছর খেলা চালিয়ে যেতেও পারবো।”
“তবে দলে ফেরার জন্য আমি কোনো সংক্ষিপ্ত পথ খুঁজছি না। বরং কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার প্রতি মনোনিবেশ করছি। পাকিস্তানের মূল একাদশে জায়গা না পাওয়া পর্যন্ত আমি যে কোনো ধরনের ক্রিকেট খেলতে প্রস্তুত,” যোগ করেন তিনি।
শ্রীলঙ্কা সফর সম্পর্কে ইউসুফ বলেন, “শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত না হলেও আমি হতাশ হবো না। নির্বাচকদের আস্থা অর্জনের জন্য আমি ঘরোয়া ক্রিকেটে খেলবো।”
পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে ইউসুফকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২২ ঘ.
bdnews24