ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে আগের ম্যাচে ৪৮ বলে ৮৭ রানে অপরাজিত থেকে সহজ জয় এনে দিয়েছিলেন দলকে। শুক্রবার আইপিএলের একমাত্র ম্যাচে বীরেন্দর শেবাগের আরেকটি ঝড়ো ইনিংসের ওপরে দিল্লি ডেয়ারডেভিলসের জয়ের ভিত রচিত। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৭ রানে হারিয়ে শীর্ষস্থানও সুসংহত করেছে দিল্লি।
অষ্টম ম্যাচে ষষ্ঠ জয়ের সুবাদে দিল্লির সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে চতুর্থ হারে মুম্বাইয়ের পয়েন্ট ৮-ই রইলো।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্বাগতিকদের ৫ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহে শেবাগ ছাড়াও বড় অবদান মাহেলা জয়াবর্ধনে ও কেভিন পিটারসেনের।
জয়াবর্ধনের সঙ্গে মাত্র ১৩ ওভার ১ বলে ১৩৫ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়া শেবাগের ব্যাট থেকে এসেছে ৭৩ রান। মাত্র ৩৯ বলের ইনিংসটি ৮টি চার ও ৪টি ছক্কায় সাজানো।
৪২ বলে ৫৫ রান করেন জয়াবর্ধনে। আর ২৬ বলে ঠিক ৫০ রান করে অপরাজিত থেকে যান পিটারসেন।
জবাবে ইনিংসের তৃতীয় বলেই এইডেন ব্লিজার্ডকে হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতের রাজ্য সভায় ঠাঁই পাওয়ার সুখবরের পর দিন শচীন টেন্ডুলকারও (৭) ব্যর্থ।
১৯ রানে ৩ উইকেট হারানোর পর দীনেশ কার্তিক (৪০) ও আম্বাতি রাইয়ুডু (৬২) অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু দুজনে ৯৬ রানের জুটি গড়লেও ৯ উইকেটে ১৭০ রানেই থেমে যায় অতিথিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২২৩ ঘ.
bdnews24