২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের সৌজন্যে ভালো অবস্থায় রাজশাহী

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে ভালো অবস্থায় আছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৬ রানের লিড নেয়ার পর খুলনার দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে ৫ উইকেট ফেলে দিয়েছে তারা। অর্থাৎ ৫ উইকেট হাতে নিয়ে মাত্র ৮৯ রানে এগিয়ে আছে খুলনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে ভালো অবস্থায় আছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৬ রানের লিড নেয়ার পর খুলনার দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে ৫ উইকেট ফেলে দিয়েছে তারা। অর্থাৎ ৫ উইকেট হাতে নিয়ে মাত্র ৮৯ রানে এগিয়ে আছে খুলনা। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় খুলনা। সৌম্য সরকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন ফরহাদ হোসেন। এরপর জিয়াউর রহমানের (২১) সঙ্গে ৭২ রানের জুটি গড়ে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ইমরুল কায়েস (৪৭)। জিয়াউরকে বোল্ড করে জুটিটা ভাঙ্গেন সাকলায়েন সজীব। আর ৭ রান যোগ হওয়ার পর ইমরুলকেও আউট করেন তিনি। এর পর সানজামুল ইসলাম অধিনায়ক তুষার ইমরান (৭) ও মোহাম্মদ মিঠুনকে (১০) দ্রুত বিদায় করলে বিপদে পড়ে যায় খুলনা। দিন শেষে আনামুল হক ৩৬ ও তাপস ঘোষ ৫ রানে অপরাজিত। এর আগে ২ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী অল আউট হওয়ার আগে ২৫৮ রান করে। আগের দিনের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিকে শুক্রবার ১৭৩ রান পর্যন্ত টেনে নিয়ে যান জুনায়েদ সিদ্দিক ও ফরহাদ হোসেন। দলীয় ১৭৮ রানে জুনায়েদকে বোল্ড করে খুলনার জন্য বিপদজনক হয়ে ওঠা জুটিটা ভাঙ্গেন তুষার। অল্পের জন্য শতক থেকে বঞ্চিত জুনায়েদের ১৩৩ বলে খেলা ৯৫ রানের ইনিংসে ১৪টি চার। এরপর ফরহাদও বেশিক্ষণ টিকতে পারেননি। আব্দুর রাজ্জাকের বলে মিঠুনের হাতে ক্যাচ দেন তিনি। ৭৭ রান করা ফরহাদের ১৬৯ বলের ইনিংসে ১১টি চার। ৫৯ রানে ৪ উইকেট নিয়ে রাজ্জাকই খুলনার সেরা বোলার। ৬৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলায় রাজশাহীর লিড তেমন বড় হয়নি। তবু বোলারদের সাফল্যে তাদের সামনে শিরোপা ধরে রাখার হাতছানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৬ ঘ.