২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়ছে ওয়েস্ট ইন্ডিজ তবুও এগিয়ে অস্ট্রেলিয়া

ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় ও শেষ টেস্ট জিততে পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৯৭ রান। অন্য দিকে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার নিতে হবে ৫ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় ও শেষ টেস্ট জিততে পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৯৭ রান। অন্য দিকে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার নিতে হবে ৫ উইকেট। জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে চতুর্থ দিন স্বাগতিকদের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ৪৫ রানের মধ্যে সাজঘরে ফিরে আসেন প্রথম তিন ব্যাটসম্যান। এর মধ্যে ক্রেইগ ব্র্যাথওয়েইট ও কাইরন পাওয়েলকে ফেরান অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। চতুর্থ উইকেটে ড্যারেন ব্রাভোর (৪৫) সঙ্গে শিবনারায়ন চন্দরপলের ১১০ রানের জুটি খেলায় ফেরায় ওয়েস্ট ইন্ডিজকে। অস্ট্রেলিয়ার জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন শেন ওয়াটসন। দলীয় ১৫৫ রানে ব্রাভোকে ম্যাথু ওয়েডের ক্যাচে পরিণত করেন তিনি। দিনের শেষ বেলায় স্বাগতিকদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন ক্লার্ক। উইকেটে থিতু হয়ে যাওয়া চন্দরপলকে (৬৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এর আগেই অবশ্য দশম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি। নরসিং দেওনারায়ণ ১১ রানে ব্যাট করছেন। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ক্লার্কই অস্ট্রেলিয়ার সেরা বোলার। এর আগে ৬ উইকেটে ২০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্বাগতিক বোলারদের হিসেবি বোলিংয়ে ৩৭ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন মাইক হাসি (৩২), রায়ান হ্যারিস (৯) ও বেন হিলফেনহস (৬)। দশম উইকেটে নাথান লিয়নের (১২*) সঙ্গে মিচেল স্টার্কের (২১) ২২ রানের জুটির সুবাদে আড়াইশ পেরোয় অতিথিদের সংগ্রহ। প্রথম ইনিংসে ১১০ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৫৯ রান করায় জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩৭০ রান। ১০০ রানে ৪ উইকেট নিয়ে শেন শিলিংফোর্ড ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। এছাড়া ৩টি করে উইকেট নেন নরসিং দেওনারায়ণ ও কেমার রোচ। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩২৮ ও ২৫৯ ওয়ার্নার ১১, কাওয়ান ৫৫, ওয়াটসন ৫, পন্টিং ৫৭, ক্লার্ক ২৫, হাসি ৩২, ওয়েড ৪, হ্যারিস ৯, স্টার্ক ২১, হিলফেনহস ৬, লিয়ন ১২*; শিলিংফোর্ড ৪/১০০, রোচ ৩/৪০, দিওনারায়ণ ৩/৪৫) ওয়েস্ট ইন্ডিজ: ২১৮ ও ১৭৩/৫ (বারাথ ০, ব্র্যাথওয়েইট ১৪, পাওয়েল ২৪, ব্রাভো ৪৫, চন্দরপল ৬৯, দেওনারায়ণ ১১*; ক্লার্ক ৩/৩৪, হিলফেনহস ১/১৪, ওয়াটসন ১/২০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/ ০৯০৮ ঘ.