২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের প্রথম দিনটা রাজশাহীর

ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ফাইনালের প্রথম দিনেই চালকের আসনে রাজশাহী। খুলনার প্রথম ইনিংস ২১২ রানে শেষ করে দেয়ার পর ২ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শেষ করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ফাইনালের প্রথম দিনেই চালকের আসনে রাজশাহী। খুলনার প্রথম ইনিংস ২১২ রানে শেষ করে দেয়ার পর ২ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শেষ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক তুষার ইমরান অর্ধশতক করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো সংগ্রহ গড়তে পারেনি খুলনা। দলীয় ৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নেয়ায় খুলনার শুরুটা একদমই ভালো হয়নি। এরপর তৃতীয় উইকেটে আনামুল হকের (১৭) সঙ্গে ২৬ ও চতুর্থ উইকেটে মিঠুনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন তুষার। ৮৭ বলে খেলা তুষারের ৫০ রানের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা। অধিনায়কের বিদায় পর প্রায় একাই খেলতে হয়েছে মিঠুনকে। দলীয় ২০৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৩ রান করেন তিনি। মিঠুনের ১০৭ বলের ইনিংসেও ৭টি চার ও একটি ছক্কা। রাজশাহীর পক্ষে অধিনায়ক ফরহাদ রেজা ও সাকলায়েন সজীব ৩টি করে উইকেট নেন। জবাবে দলীয় ৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় রাজশাহীও শুরুতেই বিপদে পড়ে যায়। তবে ফরহাদ হোসেন ও জুনায়েদ সিদ্দিকের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে তারা। দিন শেষে ফরহাদ ৫৬ ও জুনায়েদ ৭১ রানে অপরাজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৩ ঘ.