২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম খেলোয়াড় হিসাবে রাজ্য সভায় টেন্ডুলকার

রাজ্যসভার সদস্য হিসেবে শচীন টেন্ডুলকারের মনোনয়নের সুপারিশ অনুমোদন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজ্যসভার সদস্য হিসেবে শচীন টেন্ডুলকারের মনোনয়নের সুপারিশ অনুমোদন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ভারতের বেসরকারি টেলিভিশন স্টেশন এনডিটিভির এক খবরে বৃহস্পতিবার বলা হয়, অভিনেত্রী রেখা, ব্যবসায়ী অনু আগাসহ আরো দুজনের সদস্য হিসাবে মনোনয়ন অনুমোদন করেন রাষ্ট্রপতি। রাজ্য সভা ভারতের সংসদের উচ্চকক্ষ। এখানে ১২টি আসন ভারতের বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। টেন্ডুলকারই খেলোয়াড় হিসেবে এখানে স্থান পাওয়া প্রথম ব্যক্তি। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতে যান টেন্ডুলকার। তখনই রাজ্য সভার সদস্য হওয়ার প্রস্তাব দেয়া হয় তাকে। ইতিহাসের সফলতম ব্যাটসম্যানও তাতে সম্মতি জানান সানন্দে। নিয়মানুযায়ী টেন্ডুলকারের নাম সবার আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। তার পর যায় রাষ্ট্রপতির কার্যালয়ে। রাজ্য সভার ৬ বছর মেয়াদী সদস্য পদে এর আগে প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, সেতার বাদক রবি শঙ্কর ও চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন মনোনয়ন পেয়েছিলেন। মনমোহন সিংয়ের আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়ার গান্ধীর সঙ্গেও সস্ত্রীক দেখা করেন টেন্ডুলকার। সোনিয়া গান্ধী তাকে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতক করার জন্য অভিনন্দন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/পিডি/২৩৩৫ ঘ.