ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি ধরে রাখা নিশ্চিত হয়ে গেছে আগেই। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টটি শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত হলেও ইতিবাচক মনোভাব নিয়েই অস্ট্রেলিয়া মাঠে নামবে বলে জানিয়েছেন কোচ মিকি আর্থার।
ডোমিনিকায় সোমবার থেকে শুরু হচ্ছে ম্যাচটি।
আর্থার বলেন, “শুধু খেলার জন্য খেলার চাইতে কোনো টেস্টে হেরে যাওয়ার ঝুঁকি সত্ত্বেও জয়ের চেষ্টা করাই আমার পছন্দ। প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামি।”
তৃতীয় টেস্টের আগে দল নির্বাচন নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। কারণ চোটে পড়ে দেশে ফিরে গেছেন দুই ফাস্ট বোলার পিটার সিডল ও জেমস প্যাটিনসন। ফলে এই ম্যাচে আবারো মাঠে দেখা যেতে পারে রায়ান হ্যারিসকে। বার্বাডোজ টেস্টে জয়ের নায়ক হ্যারিসকে ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টে বিশ্রামে রাখা হয়েছিলো। উইকেট যদি পেস সহায়ক হয় তবে মিচেল স্টার্কের দলে ফেরার সম্ভাবনাও আছে।
আর্থার বলেন, “যদি দলের নিয়মিত দুই পেসারকে একসঙ্গে হারাতে হয় তখন কিছুটা হলেও পরিকল্পনা ব্যাহত হয়।”
দুঃসংবাদ আছে ওয়েস্ট ইন্ডিজ দলে জন্যও। পিঠের চোটে ভুগছেন ত্রিনিদাদ টেস্টে চমৎকার বল করা ফিদেল এডওয়ার্ডস। তার জায়গায় খেলতে পারেন রবি রামপাল। ২০১১ সালের নভেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রামপাল।
বাঁ হাঁটুর চোটের কারণে বাদ পড়া কার্ক এডওয়ার্ডসে জায়গায় অভিষেক হতে পারে আসাদ ফুদাদিনের।
বার্বাডোজে প্রথম টেস্টে জেতে অস্ট্রেলিয়া। ত্রিনিদাদে বৃষ্টি বিঘিœত দ্বিতীয় টেস্টটি অমীমাংসিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৯ ঘ.
bdnews24