২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরি অনুশীলন শুরু করবো আমি: যুবরাজ

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে ফিরতে উদগ্রীব যুবরাজ সিং। অনুশীলনও শুরু করে দিচ্ছেন কয়েক দিনের মধ্যেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে ফিরতে উদগ্রীব যুবরাজ সিং। অনুশীলনও শুরু করে দিচ্ছেন কয়েক দিনের মধ্যেই। ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, “আমি এক বা দুই সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করবো। যত দ্রুত সম্ভব আমি মাঠে এবং জাতীয় দলেও ফিরতে চাই।” অবশ্য অনুশীলনে শরীর কেমন সাড়া দেবে সে ব্যাপারে নিশ্চিত নন যুবরাজ। তিনি বলেন, “(দলে ফেরার) নির্দিষ্ট সময়টা বলতে পারছি না। কারণ অনুশীলনে শরীর কেমন সাড়া দেয় সেটা আগে দেখতে হবে।” ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত যুবরাজ চিকিৎসা শেষে গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। তিনি বলেন, “চিকিৎসকরা আমাকে কোনো ওষুধ দেননি। তারা বলেছেন আমার শরীরে এখন কেমোথেরাপির কোনো প্রভাব নেই। কেমোথেরাপি শেষ হওয়ার পর পাঁচ সপ্তাহ কেটে গেছে। এখন প্রতিদিনই আগের চেয়ে ভালো বোধ করছি।” ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়াকে বিশাল অর্জন বলে মনে করেন যুবরাজ। তিনি বলেন, “একজন খেলোয়াড় ভালো খেলতে না পারলেও তিনি জানেন কঠোর পরিশ্রম করলে ছন্দে ফিরতে পারবেন। কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তি জানেন না তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা। ক্যান্সারকে হারানোই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৯ ঘ.