২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনামুল-মিজানুরের শতকে খুলনা-রাজশাহীর স্বস্তি

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্বের প্রথম দিনটি ভালোই কেটেছে খুলনা ও রাজশাহীর। আনামুল হক ও মিজানুর রহমানের চমৎকার শতকের সুবাদে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে দল দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্বের প্রথম দিনটি ভালোই কেটেছে খুলনা ও রাজশাহীর। আনামুল হক ও মিজানুর রহমানের চমৎকার শতকের সুবাদে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে দল দুটি। ঢাকা মেট্রো-খুলনা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেটে ৩৮৮ রান করেছে খুলনা। ১৭৮ রানে অপরাজিত রয়েছেন আনামুল। ৩২৪ মিনিট দীর্ঘ তার ২৫৪ বলের ইনিংসটি ২৪টি চার ও দুটি ছক্কায় সাজানো। সৌম্য সরকারের (২৩) সঙ্গে ইমরুল কায়েসের ৩৫ রানের উদ্বোধনী জুটি বেশ ভালো সূচনা এনে দেয় খুলনাকে। তবে তাদের বড় সংগ্রহের পথে এগিয়ে দেয় দ্বিতীয় উইকেটে ইমরুলের সঙ্গে আনামুলের ১৫৪ রানে জুটি। আরাফাত সানির বলে মেহরাব হোসেন জুনিয়রের হাতে ক্যাচ দেয়ার আগে ৮৭ রান করেন ইমরুল। তার ১২০ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা। এরপর খুলনার অধিনায়ক তুষার ইমরান (৫) দ্রুত বিদায় নিলেও মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৮০ রানের আরেকটি ভালো জুটি গড়েন আনামুল। মিঠুনকে (৫৪) আরাফাত সালাউদ্দিনের ক্যাচ বানিয়ে ঢাকা মেট্রোর জন্য বিপদজনক হয়ে ওঠা জুটিটা ভাঙ্গেন আসিফ আহমেদ। এরপর পঞ্চম উইকেটে তাপস ঘোষের সঙ্গে ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শেষ বেলায় ঢাকা মেট্রোকে আবারো হতাশ করেন আনামুল। দিন শেষে ৩৫ রানে অপরাজিত আছেন তাপস। রাজশাহী-সিলেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৯১ রান করেছে রাজশাহী। মিজানুরের সঙ্গে জহুরুল ইসলামের ১৮৬ রানের উদ্বোধনী জুটি দুর্দান্ত সূচনা এনে দেয় রাজশাহীকে। শতকে পৌঁছানোর কিছুক্ষণ পরই অবশ্য আউট হয়ে যান মিজানুর। এনামুল হক জুনিয়রের বলে ইজাজ আহমেদকে ক্যাচ দেন তিনি। ১৪৫ বলে খেলা মিজানুরের ১০৫ রানের ইনিংসে ১৫টি চার ও একটি ছক্কা। উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর জহুরুলও বেশিক্ষণ টিকতে পারেননি। জুনায়েদ সিদ্দিকের সঙ্গে ২৮ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ১৮০ বলে ১০টি চারসহ ৮৭ রান করেন জহুরুল। এরপর ৪ রানের ব্যবধানে ফরহাদ হোসেন (৪) ও জুনায়েদ (৩৬) বিদায় নিলে হঠাৎ করেই অস্বস্তিতে পড়ে যায় রাজশাহী। তবে হামিদুল ইসলামের (১৮*) সঙ্গে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময়টা নির্বিঘেœই পার করে দেন সাব্বির রহমান (৩১*)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৩ ঘ.