২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতিকে ফিকার ভর্ৎসনা

বাংলাদেশের পাকিস্তান সফরের সিদ্ধান্তকে ‘বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ বা ফিকা। সংগঠনটির মতে, কারো রাজনৈতিক বা অন্য কোনো উচ্চাকাক্সক্ষা পূরণের জন্য খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলা একেবারেই গ্রহণযোগ্য নয়। আসলে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকেই ভর্ৎসনা করেছে ফিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের পাকিস্তান সফরের সিদ্ধান্তকে ‘বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ বা ফিকা। সংগঠনটির মতে, কারো রাজনৈতিক বা অন্য কোনো উচ্চাকাক্সক্ষা পূরণের জন্য খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলা একেবারেই গ্রহণযোগ্য নয়। আসলে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকেই ভর্ৎসনা করেছে ফিকা। এ মাসের শেষ দিকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। যদিও নিরাপত্তাহীনতার অভিযোগে একটি রিট আবেদনের পর বৃহস্পতিবার এই সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের হাই কোর্ট। বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফর প্রসঙ্গে ফিকা সভাপতি টিম মে বলেন, “বাংলাদেশের পাকিস্তান সফরের সিদ্ধান্ত একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উচিৎ। এক্ষেত্রে আমরা তেমন কোনো প্রক্রিয়া দেখিনি। বরং ধারাবাহিকভাবে অনিশ্চিত ও পরস্পরবিরোধী বক্তব্য শুনেছি। আর এ সব মন্তব্যের বেশির ভাগই করেছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।” তিনি আরো বলেন, “গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান সফরে গেলে পিসিবি আইসিসি সহ-সভাপতি হিসেবে কামালকে সমর্থন দেবে। আর তাই কামাল পিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। কামালের বিভিন্ন বক্তব্য ও কাজে এই গুঞ্জনের সত্যতাও পাওয়া যাচ্ছে।” গত মাসে একটি পর্যবেক্ষক দল নিয়ে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর মোস্তফা কামাল এই সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। তবে দেশে ফিরে তিনি জানান, আইসিসি ম্যাচ রেফারি ও নিরপেক্ষ আম্পায়ার পাঠালেই বাংলাদেশ পাকিস্তান সফর করবে। এর পরই পিসিবি সভাপতি জাকা আশরাফ হুমকির সুরে বলেন, বাংলাদেশ পাকিস্তান সফরে না এলে বিসিবির সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা-ভাবনা করবে পিসিবি। গত সপ্তাহে আইসিসির নির্বাহী বোর্ডের সভায় নাটকীয়ভাবে বাংলাদেশের পাকিস্তান সফরের ঘোষণা দেয় বিসিবি ও পিসিবি। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি জানিয়ে দিয়েছে, আইসিসির নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন না পেলে এই সফর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। বিসিবি সভাপতির তীব্র সমালোচনা করে মে বলেন, “পাকিস্তানে দল পাঠানো হবে কিনা সে ব্যাপারে কামাল ধারাবাহিকভাবে অবস্থান পরিবর্তন করছেন। এমনকি আইসিসি নিরপেক্ষ আম্পায়ার পাঠানোর সিদ্ধান্ত না নিলেও বিসিবি মনে করতে পারে পাকিস্তান সফর নিরাপদ।” এই সফরের সিদ্ধান্ত বিসিবির হাতে ছেড়ে দিয়ে এ ব্যাপারে মুস্তফা কামালের নিরপেক্ষ থাকা উচিৎ বলেই মনে করেন ফিকা সভাপতি। মে বলেন, “পাকিস্তান সফরের সিদ্ধান্ত কামালের একা নেয়া ঠিক হবে না। সিদ্ধান্ত আসা উচিৎ পুরো বোর্ডের পক্ষ থেকে। কারণ সফর চলার সময় কোনো সমস্যা তৈরি হলে তার দায় বোর্ড পরিচালকদেরই নিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৫ ঘ.