২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা

নিরাপত্তাহীনতার অভিযোগে একটি রিট আবেদনের পর বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তাহীনতার অভিযোগে একটি রিট আবেদনের পর বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণও জানাতে বলেছে আদালত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসাইন মিয়াজী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান খন্দকার দিদার-উস-সালামের একটি রিট আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। আগামী ২৯ ও ৩০ এপ্রিল একটি একদিনের আন্তর্জাতিক এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ‘টাইগারদের’। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে ছিলেন এম কে রহমান। আজিম আদালতে বলেন, বিদেশি দলের জন্য পাকিস্তান নিরাপদ নয়। দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এমনকি পাকিস্তানের গণমাধ্যমও তাই বলছে। “পাকিস্তান ইতোপূর্বে শ্রীলঙ্কা দলকে আমন্ত্রণ জানিয়েছিল। শ্রীলঙ্কা দল আগে একবার ওই দেশে গিয়ে আক্রান্ত হওয়ায় তারা আর আমন্ত্রণে সাড়া দেয়নি। ইংল্যান্ডও কিছুদিন আগে পাকিস্তান সফরে না গিয়ে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলেছে। অন্য দেশগুলো নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে যাচ্ছে না।” এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় দলকে পাকিস্তানে পাঠালে তাদের ‘নিশ্চিত বিপদের মুখে’ ঠেলে দেওয়া হবে বলে যুক্তি দেন এই আইনজীবী। আজিম বলেন, “জাতীয় দল দেশের জনগণের প্রতিনিধিত্ব করে। এ কারণে তাদের নিরাপত্তার সঙ্গে জাতীয় স্বার্থ বা জনস্বার্থ জড়িত।” বিসিবির পক্ষে এম কে রহমান বলেন, বাংলাদেশ নিঃশর্তভাবে ওই দেশে যাচ্ছে না। যাওয়ার জন্য যথাযথ পরিবেশ আছে কি-না, তা খতিয়ে দেখতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি দল আগে পাকিস্তান যাচ্ছে। তারা নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে ইতিবাচক প্রতিবেদন দিলেই বাংলাদেশ যাবে। কোন মাঠে খেলা হবে আইসিসিই তা নির্ধারণ করবে বলে আদালতকে জানান তিনি। এ পর্যায়ে বিচারক বলেন, “বিসিবি সিদ্ধান্ত নিলেই কি জাতীয় দলকে নিরাপত্তাহীনতার মধ্যে পাঠাব? আমরা দরিদ্র দেশ বলেই কি ঝুঁকি নিয়ে ওখানে খেলতে যেতে হবে? আজ ১৯ এপ্রিল। খেলা হবে ২৯ এপ্রিল। ভেন্যু ঠিক করার সিদ্ধান্ত হবে কখন? আমরা এভাবে জাতীয় দলকে অনিরাপদ অবস্থায় পাঠাতে পারি না।” এরপর আদালত এই সফরের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেন। শুনানির আগে আজিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ দলের এই সফরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনার প্রতিবেদন চাইলেও গতরাত পর্যন্ত তারা তা দিতে পারেনি।” “এ পরিস্থিতিতে আমরা সেই দেশে যেতে পারি না। আমাদের সাকিব তামিমদের একবার হারালে আমরা আর ফেরত পাব না”, যোগ করেন এই আইনজীবী। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি। সেই হামলায় পাকিস্তানের পাকিস্তানের ৬ পুলিশ নিহত হয়। এছাড়াও শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন। শ্রীলঙ্কা সিরিজ অর্ধসমাপ্ত রেখে দেশের ফেরার পর থেকে নিরপেক্ষ ভেন্যুতে ঘরোয়া সিরিজ খেলতে হচ্ছে পাকিস্তানকে। এমনকি ২০১১ সালের বিশ্বকাপে ম্যাচ আয়োজনেরও সুযোগ হারায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২৮ ঘ.