ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাফ দু প্লেসিস ও সুব্রামানিয়াম বদ্রিনাথের অর্ধশতকের সুবাদে পুনে ওয়ারিয়র্সকে ১৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৬ খেলায় এটি চেন্নাইয়ের তৃতীয় জয় অন্য দিকে সমান খেলায় পুনের তৃতীয় হার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ৭ উইকেটে ১৫১ রানেই থামে পুনে ওয়ারিয়র্সের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে নুয়ান কুলাসেকারার জোড়া আঘাতে ২৬ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে পুনে ওয়ারিয়র্সের শুরুটা মোটেও ভালো হয়নি।
অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (২৪), মনিশ পান্ডে (১৩) ও মারলন স্যামুয়েলস (২৬) তিনটি ছোট ইনিংস খেলার পরও ৯৭ রানেই পুনে ওয়ারিয়র্সের প্রথম ৫ ব্যাটসম্যান বিদায় নেন।
ষষ্ঠ উইকেটে স্টিভেন্স স্মিথের (২৩) ৪৪ রানের জুটি গড়ে একটা ভালো চেষ্টা করেছিলেন অ্যঞ্জেলো ম্যাথিউস (২৭)। তবে ৩ রানের মধ্যে দুজনই বিদায় নিলে হার নিশ্চিত হয় পুনে ওয়ারিয়র্সের।
চেন্নাই সুপার কিংসের পক্ষে কুলাসেকারা ও ডোয়াইন ব্রােেভা ২টি করে উইকেট নেন।
এর আগে প্লেসিস ও বদ্রিনাথের ১১৬ রানের উদ্বোধনী জুটি চেন্নাই সুপার কিংসকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। স্যামুলেসের করা ষোড়শ ওভারের তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগে ম্যাথিউসের দারুণ ক্যাচে পরিণত হওয়ার আগে ৫৮ রান করে প্লেসিস। তার ৪৮ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা।
এক বল পরেই স্লগ সুইপ করতে গিয়ে একই জায়গায় ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন বদ্রিনাথও (৫৭)। ৮টি চারের সাহায্যে এই রান করতে গিয়ে ৪৮ বল খেলেন তিনি। রানের খাতা খুলার আগেই সুরেশ রায়না বিদায় নিলে হঠাৎ করেই অস্বস্তি¡তে পড়ে যায় চেন্নাই সুপার কিংস।
এর পরও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২৮*) ও ব্রাভো (১২) লড়াইয়ের পুঁজি গড়ে দেন দলকে।
৩৯ রানে ৩ উইকেট নিয়ে স্যামুয়েলস পুনে ওয়ারিয়র্সের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৯
bdnews24